প্রতারণা মামলায় কাজী এরতেজা গ্রেপ্তার
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ০৮:৫৮
জমি জালিয়াতি ও প্রতারণা মামলায় ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পিবিআই জানায়, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলার বাদী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার ভাই সাইফুল ইসলাম।
গত ১ জানুয়ারি দায়ের করা ওই মামলায় আরও তিন জনকে আসামি করা হয়েছে। তারা হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।
এরতেজাকে রিমান্ডে চায় পিবিআই
ড. কাজী এরতেজা হাসানকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
রিমান্ডের আবেদন করে বুধবার সকালে এরতেজাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ।
পিবিআই জানিয়েছে, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম গত ১০ জানুয়ারি জালিয়াতি ও প্রতারণার একটি মামলাটি করেন। খিলক্ষেত থানার এ মামলায় আসামিদের মধ্যে আছেন নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। তদন্তের একপর্যায়ে ড. এরতেজার নাম আসে।
মামলায় বলা হয়, নর্দান ইউনিভার্সিটির জন্য দক্ষিণখানে আশিয়ান সিটি প্রজেক্টে পাঁচ বিঘা জমি কেনার জন্য একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ৫০ কোটি টাকা দেওয়ার কথা ছিল। প্রথম দফায় ৩০ কোটি টাকা দেয় নর্দান কর্তৃপক্ষ। বাকি টাকা পরিশোধ না করেই আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের সই জাল করে জমির রেজিস্ট্রি করা হয়। এ সময় জমির মূল্য দেখানো হয় ৯ কোটি ৩৩ লাখ টাকা।
জালিয়াতির এ মামলায় আসামি আবু ইউসুফ আব্দুল্লাহ ও রিয়াজুল আলমকে এর আগে গ্রেপ্তার করে পিবিআই।
ইউডি/এআই

