ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ : ‘জয়’-আক্ষেপ হয়েই রইল
উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৩৩
ইন্ডিয়ার বিপক্ষে জয় পেতে বাংলাদেশকে পাড়ি দিতে হতো ১৮৪ রান। এই রান তাড়ায় বাংলাদেশের শুরুটা হয় স্বপ্নের মতো। কিন্তু এই স্বপ্নের মাঝে বাগড়া দেয় বৃষ্টি। যাতে লক্ষ্য কমে ১৬ ওভারে দাঁড়ায় ১৫১। এই কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে গিয়ে লড়াই জমিয়েও পারল না বাংলাদেশ। বৃষ্টি আর ইন্ডিয়ার কাছে শেষ পর্যন্ত হতাশায় ডুবল বাংলাদেশ। অতীতেও নিদাহাস ট্রফির ফাইনাল, ২০১৬ বিশ্বকাপ টি-টোয়েন্টি কিংবা এশিয়া কাপ ফাইনালে লড়াই করে শেষ পর্যন্ত হারতে হয়েছে টাইগারদের।
বুধবার (০২ নভেম্বর) বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়েছে ভারত। এই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল রোহিত শর্মার দল। অন্যদিকে সেমির লড়াই থেকে অনেকটাই ফিকে হয়ে গেল বাংলাদেশের আশা।
অ্যাডিলেড ওভালে রান তাড়ায় লিটন দাসের ব্যাটে চড়ে বাংলাদেশের ঝোড়ো শুরু হয়। মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি তুলে নেন লিটন। তাঁর ব্যাটে চড়েই স্বপ্ন জয়ের পথে হাঁটছিল বাংলাদেশ। কিন্তু মাঝে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বেরসিক বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। বৃষ্টির আগে ৭ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ছিল ৬৬। কিন্তু বৃষ্টির পর মাঠে নেমেই লিটনকে হারায় বাংলাদেশ। রান আউটে কাটা পড়েন লিটন। ফেরার আগে করেন ২৭ বলে ৬০ রান।
লিটন ফেরার পর শুরু হয় বাংলাদেশের হতাশা। একে একে উইকেট বিলিয়ে দেন সাকিব, আফিফ, ইয়াসির, মোসাদ্দেক। ব্যাটারদের হতাশায় বাংলাদেশও পারেনি লক্ষ্যে পৌঁছাতে।
এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন বিরাট কোহলি। ৪৪ বলে ৮ চার ও ১ ছক্কায় সাজানো তাঁর ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে ৩৩ রানে দুই উইকেট নেন সাকিব। হাসান মাহমুদ নেন তিনটি। সবচেয়ে খরুচে বোলিং করেন শরিফুল। তিনি ৪ ওভারে দেন ৫৭ রান।
ইউডি/সুপ্ত

