টি-টোয়েন্টি বিশ্বকাপ: এবার ৫ বলেই ওভার শেষ!
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:০০
টি-টোয়েন্টি বিশ্বকাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৪ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে নতুন এক চমক সৃষ্টি করেছে আম্পায়ারের এক সিদ্ধান্ত। এমনিত্ই চলতি বিশ্বকাপের আসরে আম্পায়ারদের নানা সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। তারমধ্যে নতুন এক চমক ৫ বলের ওভার।
অস্ট্রেলিয়ার ইনিংসের ৪র্থ ওভারে ৫ বলেই ওভার শেষ করে দেন দুই আম্পায়ার। অর্থাৎ এক বল কম করিয়েই ওভারের সমাপ্তি ঘোষণা করেন অনফিল্ডে থাকা দুই আম্পায়ার। আফগানিস্তানের পেসার নবীন-উল-হকের ওভারে ঘটে এ ঘটনা। অস্ট্রেলিয়ার হয়ে তখন ব্যাটিংয়ে ছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।
মাঠের দুই আম্পায়ারের পাশাপাশি এমন বড় একটি ভুল টিভি আম্পায়ারের দৃষ্টিতেও আসেনি। যা ক্রিকেট ইতিহাসে ভিন্ন এক উদাহরণ সৃষ্টি করেছে। এর আগে আম্পায়ারদের ভুলে ৭ বলের ওভার দেখলেও এই প্রথম ৫ বলে ওভার দেখল ক্রিকেট বিশ্ব।
অ্যাডিলেডে ওভালে আফগানিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচটি আজ পরিচালনা করেছেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার ও জিম্বাবুয়ের লেংটন রুসেরে। টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোকস। রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে ছিলেন শ্রীলঙ্কার রঞ্জন মাধুগালে। ৪ জন আম্পায়ার ও একজন রেফারির কারো চোখেই আসেনি বিষয়টি।
ইউডি/সুপ্ত

