ইমরানের ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্র: পাক রেলমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:১০
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনা নিয়ে সন্দেহ পোষণ করে দেশটির বর্তমান রেলমন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, এটা পরিকল্পিত ষড়যন্ত্রও হতে পারে। না হলে কেন হামলার পরপরই পিটিআইয়ের নেতারা সরকার ও সামরিক বাহিনী তিন কর্মকর্তাকে দায়ী করবেন। শুক্রবার (০৪ নভেম্বর) ইসলামাবাদে সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন করেন বলে জানিয়েছে ডন।
সাদ রফিক বলেন, আপনাদের কাছে কোনো প্রমাণ নেই, তাও আপনারা নাম বলা শুরু করেছেন। ইমরান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এমন কোনো ছবিও নেই। হতে পারে এটি পরিকল্পিত ষড়যন্ত্র। পিটিআই যদি এ বিষয়ে সিরিয়াস হয় তাহলে পাঞ্জাব ও কেন্দ্রীয় সরকার মিলে এ ঘটনার বিষয়ে যৌথ তদন্তে নামতে পারে, যেন সত্য আলোর মুখ দেখে।
সেনা সমর্থন হারানো ইমরানের বিরুদ্ধে এই বছরের শুরুতে জোট বেঁধে অনাস্থা প্রস্তাব আনে দেশটির বড় দুই রাজনৈতিক দল। তাতে হেরে গত এপ্রিলে ইমরানের সরকারের পতন ঘটলে প্রধানমন্ত্রী হন মুসলিম লিগের শাহবাজ শরিফ, যিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।
ক্ষমতা হারানো ইমরান নতুন নির্বাচনের দাবি তুলে পাকিস্তানে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ লংমার্চের ডাক দেন। গত ২৯ অক্টোবর লাহোর থেকে শুরু হয় এই কর্মসূচি। রাজধানী ইসলামাবাদের পথে চার দিন পর বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে সমাবেশের জন্য তৈরি হলে সেখানে হয় গুলিবর্ষণ।
এই ঘটনায় তিন ব্যক্তিকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান। তারা হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআইর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল।
ইউডি/সুপ্ত

