বীরকন্যা প্রীতিলতা: শিক্ষার্থীরা দেখতে পারবেন অর্ধেক টাকায়
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ২০:৩০
মুক্তিপ্রতিক্ষীত ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটি হাফ পাশে দেখতে পারবেন শিক্ষার্থীরা। এ ছবির নির্মাতা প্রদীপ ঘোষ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু এটা ইতিহাস নির্ভর ছবি, আমরা চাই শিক্ষার্থীরাই বেশি দেখুক। কিন্তু পাঁচ-ছয় শ টাকা দিয়ে দেখতে তো ওদের কষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা হলগুলোর সঙ্গে আলাপ করছি, যেন অর্ধেক দামে শিক্ষার্থীরা টিকিট কিনতে পারে।
চলতি মাসের ১৮ তারিখ মুক্তি পাবে ‘বীরকন্যা প্রীতিলতা’। ইতোমধ্যেই শুরু হয়েছে প্রচারণা। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের অর্ধেক দামে সিনেমা দেখার সুযোগ দেয়া হচ্ছে। এরইমধ্যে সারাদেশের শিক্ষার্থীদের জন্য ৫০ হাজার টিকিটের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
বরেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেনের ‘ভালোবাসা প্রীতিলতা’ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। এতে উঠে এসেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প।
২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, কামরুজ্জামান তাপু প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।
ইউডি/সুপ্ত

