বায়ু দূষণ: দিল্লিতে প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ২০:৪৫
ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে বায়ূ দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে আগামীকাল শনিবার (০৫ নভেম্বর) শিশু শিক্ষার্থীদের প্রাথমিক স্কুলগুলোতে যেতে নিষেধ করেছে স্থানীয় প্রশাসন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির বাতাস শ্বাস নেওয়ার উপযুক্ত হলেই খুলে দেওয়া হবে সেখানকার প্রাথমিক স্কুলগুলো। এছাড়া উচ্চ প্রাথমিক স্কুল (উচ্চ বিদ্যালয়) চালু থাকলেও তার ছাত্র-ছাত্রীদের স্কুলের মুক্তাঙ্গনে থাকতে নিষেধ করেছে দিল্লি প্রশাসন।
এর আগে দিল্লি বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, মারাত্মক বায়ু দূষণের পরিপ্রেক্ষিতে ভারতীয় রাজধানীর স্কুলগুলো বন্ধ করা হোক। বিজেপি এমন দাবি করার পরে এখানকার মুখ্যমন্ত্রী এমন বিবৃতি দেন।
দূষণবিরোধী ব্যবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন, আমরা পঞ্চম শ্রেণীর ওপরে শিক্ষার্থীদের জন্য বহিরঙ্গন ক্রীড়া কার্যক্রম বন্ধ করছি। তিনি আরও বলেন, জোড়-বিজোড় নম্বর প্লেটের গাড়ির চলাচল স্কিমও ফিরিয়ে আনার চিন্তাভাবনা চলছে।
উল্লেখ্য, এর আগে দূষণ মোকাবিলায় গাড়ির নম্বর প্লেটের সংখ্যার ভিত্তিতে জোড়-বিজোড় প্রকল্প চালু করেছিল দিল্লি সরকার। এ প্রক্রিয়ায় জোড় সংখ্যার নম্বর প্লেট সম্পন্ন গাড়িগুলো এক দিন রাস্তায় নামবে। তার পরের দিন চলবে বিজোড় সংখ্যার নম্বর প্লেটের গাড়ি। এতে দূষণ কমাতে কিছুটা সফলও হয়েছিল দিল্লি। সাম্প্রতিক দূষণ পরিস্থিতি সামলাতে তাই পুরনো নীতিতে ফিরতে চাইছে দিল্লি সরকার।
ইউডি/সুপ্ত

