প্যান্টের ভেতর লুকোনো ছিল ৮০ লাখ টাকার সোনা
উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:১১
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে নয়টি সোনার বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
সোমবার (৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ইন্ডিয়ায় যাওয়ার সময় তাকে আটক করে এক কেজি ৪৪ গ্রাম ওজনের ওই সোনা উদ্ধার করা হয়। উদ্ধার সোনার বাজার মূল্য ৮০ লাখ টাকা।
আটককৃত সিদ্দিকুর রহমান (৪৬) বরগুনা জেলার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।
বেনাপোল কাস্টম হাউজ শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, বেনাপোল দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় সোনা পাচারের গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা ইমিগ্রেশন এলাকায় অবস্থান নেন। পরে সোনা পাচারকারী সিদ্দিকুরকে পাসপোর্টের সব কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের আগে আটক করা হয়। তল্লাশি করে তার পরা প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকোনো অবস্থায় নয়টি সোনার বার পাওয়া যায়। আটক সোনা পাচারকারীকে মামলা দিয়ে পোর্ট থানায় পাঠানো হয়।
ইউডি/এআই

