প্রথমবারের মতো বাবা-মেয়ে একসঙ্গে
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:০০
প্রথমবারের মতো বাবার নির্দেশনায় বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন মেয়ে। সিনেমার নাম ‘যাপিত জীবন’। চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্পর্কে বাবা-মেয়ে। দীর্ঘদিন ধরে দুজনই অভিনয় এবং সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট। তারপরও একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি কখনো। অবশেষে সেই আক্ষেপ পূরণ করছেন তারা।
বাবার নির্দেশনায় প্রথমবারের মতো কাজ করা প্রসঙ্গে ভাবনার ভাষ্য, ক্যারিয়ারের শুরুতে আমি আমার মতো করে কাজ করেছি। বাবা আমাকে ব্রেক দিক বা কারো সঙ্গে পরিচয় করিয়ে দিক সেটা চাইনি। কিন্তু এবার আর বাবাকে ফিরিয়ে দিতে পারিনি। মূলত গল্পের কারণে আমি আব্বুর কাজটি করতে রাজি হয়েছি।
নির্মাতা হাবিব বলেন, এই সিনেমার জন্য ভাবনাকেই প্রয়োজন। অভিনয় জানা একজন অভিনেত্রী দরকার। ভাবনাকে দেখেছি কাজ করতে গিয়ে সে তার কাজ নিয়ে গবেষণা করে। নিজেকে সেভাবে প্রস্তুত করে যা অনেক তারকাই করেন না।
আগামী ২২ নভেম্বর থেকে রাজবাড়ীতে শুরু হবে সিনেমাটির শুটিং। আগামী বছরের জানুয়ারির মধ্যে শুটিং শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারির মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। ২০২৩ সালের জুন-জুলাইয়ের দিকে মুক্তি পেতে পারে সিনেমাটি এমনটাই জানালেন নির্মাতা।
ইউডি/সুপ্ত

