রাজা চার্লসের গায়ে ডিম নিক্ষেপ, তরুণ গ্রেপ্তার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৩৫
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার দিকে বুধবার (৯ নভেম্বর) ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। ব্রিটেনের ইয়র্ক শহরে রাজা চার্লসের সফরের সময় ঘটেছে এই ঘটনা। ইতোমধ্যে এ ঘটনায় এক তরুণকে আটক করা হয়েছে।
ইয়র্ক শহরে স্থানীয় নেতারা রাজা চার্লস ও ক্যামিলাকে অভ্যর্থনা জানাচ্ছিলেন। ওই সময় এক ব্যক্তি রাজা চার্লস ও ক্যামিলাকে লক্ষ্য করে বেশ কয়েকটি ডিম ছোড়ে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের লক্ষ্য করে তিনটি ডিম ছোড়া হয়েছে। এদিকে, বিবিসি বলছে ডিম ছোড়া হয়েছে পাঁচটি।

তবে চার্লস ও ক্যামিলার গায়ে ডিমগুলোর একটিও লাগেনি। অভিযুক্ত আটক ব্যক্তি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বয়স ২৩ বছর। খবরে বলা হয়েছে, চার্লস ও ক্যামিলাকে স্বাগত জানাতে শহরের রাজকীয় প্রবেশদ্বার মিকেলগেট বারে ভিড় জমে যায়। ওই সময় ডিম ছোড়ার ঘটনায় এক ব্যক্তিকে ঠেকায় পুলিশ। এ সময় ওই ব্যক্তি চিৎকার করে বলেন, ‘এই দেশ দাসদের রক্তে তৈরি। তিনি আমার রাজা নন।’
রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তারা সেখানে যান।
ইউডি/এআই

