কাতার বিশ্বকাপ: সুয়ারেস-কাভানিদের নিয়ে উরুগুয়ের দল ঘোষণা
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০৫
কাতার বিশ্বকাপের জন্য তরুণদের পাশাপাশি অভিজ্ঞদের ওপর ভরসা রেখে দল চূড়ান্ত করেছে উরুগুয়ে। দলে আছেন লুইস সুয়ারেস, এদিনসন কাভানি ও ফের্নান্দো মুসলেরার মতো অভিজ্ঞরা। ২৬ সদস্যের দল দিয়েছেন উরুগুয়ে কোচ দিয়েগো আলোনসো।
৩৫ বছর বয়সী সুয়ারেস ও কাভানি তাদের চতুর্থ এবং সম্ভবত শেষ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি গোলের তালিকায় প্রথম দুটি স্থানে আছেন সুয়ারেস (১৩৪ ম্যাচে ৬৮ গোল) ও কাভানি (১৩৩ ম্যাচে ৫৮ গোল)। অভিজ্ঞদের মধ্যে আরও আছেন দুই ডিফেন্ডার দিয়েগো গদিন ও মার্তিন কাসেরেস।
রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভেরদের কাঁধে থাকবে বিশ্বকাপে জাতীয় দলের মাঝমাঠ সামলানোর গুরুদায়িত্ব। প্রথমবারের মতো বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন লিভারপুল স্ট্রাইকার দারউইন নুনেস।
দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ আগামী ২৪ নভেম্বর, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পর্তুগাল ও ঘানা।

উরুগুয়ের দল: গোলরক্ষক: ফের্নান্দো মুসলেরা (গালাতাসারাই), সের্হিও রোচেত (নাসিওনাল), সেবাস্তিয়ান সোসা (ইন্দিপেন্দিয়েন্তে)
ডিফেন্ডার: দিয়েগো গদিন (ভেলেস সার্সফিল্দ), হোসে মারিয়া হিমেনেস (আতলেতিকো মাদ্রিদ), সেবাস্তিয়ান কোয়াতেস (স্পোর্টিং লিসবন), মার্তিন কাসেরেস (লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি), রোনালদ আরাহো (বার্সেলোনা), মাতিয়াস ভিনা (রোমা), মাথিয়াম অলিভেরা (নাপোলি), গিয়ের্মো ভারেলা (ফ্লামেঙ্গো), হোসে লুইস রদ্রিগেস (নাসিওনাল)
মিডফিল্ডার: মাতিয়াস ভেসিনো (লাৎসিও), রদ্রিগো বেন্তানকুর (টটেনহ্যাম হটস্পার), ফেদেরিকো ভালভেরদে (রিয়াল মাদ্রিদ), লুকাস তররেইরা (গালাতাসারাই), মানুয়েল উগার্তে (স্পোর্তিং লিসবন), ফাকুন্দো পেলিস্ত্রি (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস দে লা ক্রুস (রিভারপ্লেট), জর্জিয়ান আররাসকায়েতা (ফ্লামেঙ্গো), অগাস্তিন কানোবিও (আথলেতিকো পারানাইনসে) ফাকুন্দো তররেস (অরল্যান্ডো সিটি)
ফরোয়ার্ড: দারউইন নুনেস (লিভারপুল), লুইস সুয়ারেস (নাসিওনাল), এদিনসন কাভানি (ভালেন্সিয়া), মাক্সিমিলিয়ানো গোমেস (ত্রাবজোনস্পোর)
ইউডি/সুপ্ত

