যুবলীগের সমাবেশ ‘সরকারি সুবিধায়’ হচ্ছে : আমীর খসরু
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:২৫
সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশ ‘সরকারি সুবিধায়’ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপির বিভাগীয় সমাবেশের দুই/তিনদিন আগে পরিবহন ধর্মঘট ডাকার বিষয়টি তুলে ধরে আমীর খসরু বলেন, বিএনপির বেলায় সব বন্ধ। কোনো পরিবহন থাকতে পারবে না, বাস থাকতে পারবে না, স্টিমার চলতে পারবে না, লঞ্চ চলতে পারবে না, স্পিড বোট চলতে পারবে না। শুধু তাই নয়, রিকশা চলতে পারবে না, নসিমন চলতে পারবে না, টেম্পু চলতে পারবে না। কিছুই থাকতে পারবে না। এতে আমাদের একটা লাভ হয়েছে। আন্দোলনে একটা জিনিস আমরা শিখেছি যে, পরিবহন ছাড়াও আন্দোলন করা যায়।
আমীর খসরু বলেন, বুঝতে পারেন একটা দলের সম্মেলন করতে তাদের এতো কিছু জোগাড় করতে হচ্ছে, সরকারি এতো কিছুর সুযোগ-সুবিধা নিতে হচ্ছে। রাস্তা-ঘাটের অবস্থা দেখে মনে হলো যে, বাংলাদেশ একটা একদলীয় শাসনের মধ্যে আছে। মনে হলো এখানে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান হচ্ছে। এটা যে দলের অনুষ্ঠান কেউ বুঝতে পারবে না যদি তাদের বলা না হয়। কোনো বিদেশি মানুষ যদি এখানে অবস্থান করে ওরা মনে করবে যে, বোধহয় বাংলাদেশে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান হচ্ছে। এটা কোনো দলের অনুষ্ঠান এটা কেউ বিশ্বাস করবে না।
আমীর খসরু বলেন, এখন মুক্তির ডাক এসেছে। মুক্তির ডাক এসেছে কীভাবে? বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। এ নির্বাচনের খেলা, এ নির্বাচনের খেলা প্রত্যেকবার নির্বাচন আসে এ খেলা শুরু হয়। এবার কিন্তু আমাদের নেতা তারেক রহমান একটা বিষয় পরিষ্কার করেছেন, বিএনপি এ ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে যাবে না।
তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি আলমগীর হোসেন, ওলামা দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার প্রমুখ বক্তব্য দেন।
ইউডি/সুপ্ত

