চ্যালেঞ্জ থাকলেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবে ঢাকা

চ্যালেঞ্জ থাকলেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবে ঢাকা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৪৫

ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ থাকলেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সম্ভাব্য ঢাকা সফরকে স্বাগত জানাবে বাংলাদেশ- জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রবিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটিজক স্টাডিজ-বিআইআইএসএস’র এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র সচিব এসব কথা জানান। তিনি বলেন, ‘অবশ্যই এখন যে মেরুকরণ চলছে সেটা তো আছে। তারপরও রাশিয়ার সঙ্গে আমাদের যে ঐতিহ্যবাহী সম্পর্ক আছে, সেটার আলোকে আমরা তাকে স্বাগত জানাবো। আমাদের পক্ষ থেকে যে অগ্রাধিকার ও চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো আরও স্পষ্ট করে বলতে পারবো।’

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য ল্যাভরভসহ আরও অনেক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে ল্যাভরভ আসবেন বলে ইতিবাচক সাড়া দিয়েছেন।

আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তার আসার সম্ভাবনা রয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।

ল্যাবরভের সফর নিয়ে চ্যালেঞ্জ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটি আসার পরে বোঝা যাবে। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনে এই প্রথমবারের মতো তারা (রাশিয়া) অবজারভার দেশ হিসেবে অংশগ্রহণ করবে। সেটাই হয়তো তাদের একটি মূল লক্ষ্য থাকবে। এই সংস্থা নিয়ে যদি তাদের কোনও বক্তব্য থাকে সেটি আমরা শুনবো।’

যেসব বিষয়ে বাংলাদেশের আগ্রহ

রোহিঙ্গা সমস্যা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ অন্যান্য চলমান প্রকল্প, জ্বালানি সহযোগিতাসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে চায় বাংলাদেশ।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘রাশিয়া নানাভাবে বিভিন্ন ইস্যুতে চাপের মধ্যে আছে। সুতরাং, সের্গেই ল্যাভরভ এলে পরে অবশ্যই আলোচনা হবে, পররাষ্ট্রমন্ত্রীর (এম এ মোমেন) সঙ্গে দেখা হবে। সেখানে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হবে। যেমন- বর্তমান যে পরিস্থিতি, সেখানে জ্বালানি সংকটের বিষয়ে কোনও ধরনের সম্ভাবনা আছে কি না, সেটি নিয়ে আলোচনা হতে পারে।’

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফলে আমাদের চলমান যে প্রকল্পগুলো আছে, সেগুলোর যাতে কোনও সমস্যা না হয়, সেটি নিয়ে আলোচনা হবে।’

এর সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আমরা রাশিয়াকে আরও কাছে পেতে চাই। এছাড়া দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।

দক্ষিণ-পূর্ব এশিয়াকে সামরিকীকরণ করতে চাইছে পশ্চিমারা: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘চীন-রাশিয়াকে চাপে রাখতে দক্ষিণ-পূর্ব এশিয়াকে সামরিকীকরণ করতে চাইছে পশ্চিমারা।’ কম্বোডিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট (আসিয়ান) সম্মেলনের শেষ দিনে এ কথা বলেন তিনি।

কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ানের শীর্ষ সম্মেলনের সংবাদ সম্মেলনে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের জন্য তিরস্কার করেন ল্যাভরভ।

সাংবাদিকদের রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে আরও বলেন, ‘লন্ডন ও তার মিত্ররা এই অঞ্চলের মহাকাশ আয়ত্বে নেওয়ার চেষ্টা করছে।’

ল্যাভরভের এমন মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি পশ্চিমাদের।

এবারের আসিয়ান সম্মেলনে মিয়ানমারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় হয়। তবে মিয়ানমারে সামরিক শাসনে যে অস্থিরতা দেখা দিয়েছে তা গুরুত্ব পায় আলোচনায়। দেশটিতে দমন-পীড়ন বন্ধ করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রকসহ ইউরোপীয় ইউনিয়ন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading