রসিক নির্বাচন: জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মোস্তফা

রসিক নির্বাচন: জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মোস্তফা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:২৫

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মহানগর জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় চেয়ারম্যানের পক্ষে মহাসচিব মজিবুল হক চুন্নু মোস্তফাকে মনোনয়ন দেন। তার পক্ষে পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসিরও মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান আনিসসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান আনিস বলেন, রংপুরে একাধিক সভা-সমাবেশে বর্তমান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন জাপা চেয়ারম্যান ও মহাসচিব। রবিবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী যাচাই-বাছাই শেষে রসিক নির্বাচনে মেয়র পদে মোস্তফাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়।

মনোনয়ন পেয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোস্তফা বলেন, রংপুর জাতীয় পার্টির দুর্গ। আগের যেকোনো সময়ের চেয়ে রংপুরে জাতীয় পার্টি এখন অনেক বেশি সুসংগঠিত। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। আশা করি, যদি ভোটের পরিবেশ নষ্ট না করা হয়, প্রশাসন নিরপেক্ষ হয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করেন তাহলে বিজয় আমাদের শতভাগ নিশ্চিত।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর রসিক নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ ডিসেম্বর। প্রার্থীরা ১৭ দিন প্রচারণার সুযোগ পাবেন।

২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটকেন্দ্রগুলোতে ইভিএম ছাড়াও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading