ইঁদুরের তালজ্ঞান: নাচতে পারে ১৩২ বিটের গানের তালেও
উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ২২:০০
ইউনিভার্সিটি অফ টোকিওর একদল গবেষকের আবিষ্কার ইঁদুরেরও আছে তালজ্ঞান। শুধু তাই নয়, লেডি গাগা আর কিংবদন্তী ব্যান্ড কুইনের গানে মাথা দুলিয়ে নাচেও ইঁদুরগুলো। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন, মিনিটে ১৩২ বিটের গানের তাল ধরতে পারে ইঁদুরগুলো। গানের তাল ধরতে পারা এবং তার সঙ্গে মিলিয়ে নড়াচড়া করার সক্ষমতা কেবল মানুষেরই আছে বলে এতদিন ভেবে এসেছেন বিজ্ঞানীরা।
গবেষণার কাজে ১০টি ইুঁদুর ব্যবহার করেছেন ইউনিভার্সিটি অফ টোকিওর গবেষকরা। প্রতিটি ইঁদুরের মাথার নড়াচড়ার তথ্য সংগ্রহ করার জন্য জুড়ে দেওয়া হয়েছিল তারহীন অ্যাক্সেলেরোমিটার। তারপর ইঁদুরগুলোকে লেডি গাগার ‘বর্ন দিস ওয়ে’, কুইনের ‘অ্যানাদার ওয়ান বাইটস দ্য ডাস্ট’, মোৎসার্টের ‘সোনাটা ফর টু পিয়ানোস ইন ডি মেজর’, মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’ এবং মেরুন ফাইভের ‘সুগার’ গানগুলো স্পিকারে বাজিয়ে শুনিয়েছেন।
গানগুলো থেকে এক মিনিটের ট্র্যাক নিয়ে চারটি ভিন্ন গতিতে ১০টি ইঁদুর এবং ২০ জন মানুষকে বাজিয়ে শোনান গবেষকরা। প্রতি মিনিটে গানের বিট ১২০ থেকে ১৪০-এর মধ্যে থাকলে ইঁদুরগুলোর সহজেই গানের তাল ধরতে পারছে বলে আবিষ্কার করেন তারা।
গবেষণায় উঠে এসেছে, মানুষের মতোই প্রতি মিনিটে ১২০ বিটের কাছাকাছি গান শুনতে পছন্ত করে ইঁদুররা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন ইউনিভার্সিটি অফ টোকিও সহযোগী অধ্যাপক হিরোকাজু তাকাহাসি জানান, কোনো প্রশিক্ষণ বা আগের অভিজ্ঞতা ছাড়াই, মিনিটে ১২০ থেকে ১৪০ বিটের গানের সঙ্গে তাল মেলানোর সক্ষমতা দেখিয়েছে ইঁদুরগুলো। ওই একই গতির গানের সঙ্গে তাল মেলাতে স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষও। তাকাহাসি আরও জানান, তাদের জানা মতে, প্রশিক্ষণ বা গান শোনার অভিজ্ঞতা নেই এমন কোনো প্রাণীর মধ্যে তাল সমন্বয়ের অভ্যন্তরীণ সক্ষমতার প্রথম প্রমাণ এটি।
ইউডি/সুপ্ত

