ফিলিস্তিনি কিশোরের ছরিকাঘাতে ৩ ইসরায়েলি নিহত
উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৪০
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতির ভেতরে এক ফিলিস্তিনি কিশোরের ছুরি হামলায় তিন ইসরায়েলি নিহত হয়েছেন। পরে ওই কিশোরকে গুলি করে হত্যা করে এক ইসরায়েলি সেনা। এ ঘটনায় সশস্ত্র গোষ্ঠী কিশোরকে নায়ক হিসেবে ভূষিত করে।
বুধবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলের কট্টর ডানপন্থী জোটের ক্ষমতায় বসানোর জন্য আইনপ্রণেতাদের শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটে।
চলতি বছরের মার্চ মাসে পশ্চিম তীরে অভিযান জোরদার করার পর এটি ছিল ইসরায়েলের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা। গত মার্চ থেকে ফিলিস্তিনের বহু নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে বেশির ভাগ বন্দুকধারী ও বেসামরিক লোক।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে একটি দখল করা ইহুদি বসতির কাছে ফিলিস্তিনি ওই কিশোর তিন ইসরায়েলিকে হত্যা করেছে। এ ঘটনার পর প্রশংসা করেছে সশস্ত্র গোষ্ঠীগুলো। তাকে নায়ক হিসেবে অভিহিত করে তারা। পশ্চিম তীরের এরিয়েল সেটেলমেন্ট নামে একটি ইহুদি বসতির শিল্প অঞ্চলে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এরিয়েল সেটেলমেন্ট বসতিতে এই হামলার পর গুলিবিদ্ধ কিশোরকে পার্শ্ববর্তী গ্রামের ১৮ বছর বয়সী বলে শনাক্ত করেছে।
ইসরায়েলি কর্মকর্তারা বলেন, ওই কিশোর শিল্পাঞ্চলে প্রবেশ করার লোকদের ছুরিকাঘাত শুরু করে। যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা উভয়ই কাজ করে। একটি গাড়িতে করে পালানোর সময় একজনকে ধাক্কা দেয়। পরে তাকে একজন সেনা গুলি করে হত্যা করে। তাদের মতে, কিশোর শিল্পাঞ্চলে কাজ করার লাইসেন্সপ্রাপ্ত ছিল এবং সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তার কোনও সংশ্লিষ্টতা ছিল না।
এদিকে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট বলেছে, তারা অধিকৃত পশ্চিম তীরে এই সহিংসতায় গভীরভাবে উদ্বিগ্ন।
ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা ইসরায়েলি ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেছেন, ‘ফিলিস্তিনিরা ইসরায়েলের চিরকাল দখলদারত্ব মেনে নেবে না। আমরা আমাদের জনগণের অধিকার রক্ষা করতে এবং বেপরোয়া ইসরায়েলি উত্তেজনা বন্ধ করতে গুরুতর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেব।’
সূত্র: রয়টার্স
ইউডি/এআই

