সন্ত্রাসবাদ পাকিস্তানের অন্যতম প্রধান সমস্যা: শেহবাজ

সন্ত্রাসবাদ পাকিস্তানের অন্যতম প্রধান সমস্যা: শেহবাজ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৩৮

সন্ত্রাসবাদ পাকিস্তানের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। খাইবার-পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াতে একটি পুলিশ ভ্যানে হামলার নিন্দা জানাতে গিয়ে বুধবার তিনি একথা বলেন।

বুধবারের ওই হামলায় দেশটির ছয় পুলিশ সদস্য প্রাণ হারান। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান বার্তাসংস্থা এএনআই।

সংবাদমাধ্যমটি বলছে, খাইবার-পাখতুনখোয়া (কেপি) প্রদেশের লাকি মারওয়াত এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা টহলরত পুলিশের একটি গাড়িতে হামলার পর বুধবার অন্তত ছয় পুলিশ সদস্য নিহত হন। প্রদেশের চৌকি আব্বাসি এলাকায় হওয়া এই হামলায় নিহতরা রুটিন টহলে নিযুক্ত ছিলেন।

পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পুলিশ ভ্যানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমাদের কোনও ভুল করা উচিত নয়। সন্ত্রাসবাদ পাকিস্তানের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’

শরিফ আরও বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বীরত্বের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে। লাকি মারওয়াতে ওই পুলিশ ভ্যানে সন্ত্রাসীদের হামলার নিন্দা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। শোকাহত পরিবারের জন্য আমার প্রার্থনা থাকবে।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading