‘বিএনপির সন্ত্রাসী উত্তাপ থেকে জনগণকে নিরাপত্তা দেয় আওয়ামী লীগ’
‘অতীতের নেতিবাচক কর্মকাণ্ডের জন্যই বিএনপি ২০০৮ সালে জাতীয় নির্বাচনে জনগণ দ্বারা মারাত্মকভাবে প্রত্যাখ্যাত হয়েছে।’
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০৬
জনগণের দ্বারা প্রত্যাখ্যাত বিএনপি প্রতিশোধের নেশায় বিভিন্ন সময় সন্ত্রাসের উত্তাপ ছড়িয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার সেই সন্ত্রাসের উত্তাপ থেকে জনগণকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে।’
তিনি বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘অতীতের নেতিবাচক কর্মকাণ্ডের জন্যই বিএনপি ২০০৮ সালে জাতীয় নির্বাচনে জনগণ দ্বারা মারাত্মকভাবে প্রত্যাখ্যাত হয়েছে।’
‘বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হয়েছে’— দলটির মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার শুধু সতর্ক ছিল, এ সুযোগে বিএনপি যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে।
‘বিএনপি বিভিন্ন সময়ে ক্ষমতায় এসে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে দেশের জনগণের ওপর সীমাহীন অত্যাচার ও নির্যাতন চালিয়েছে’, বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, ২১ আগস্টের মতো নারকীয় গ্রেনেড হামলার মাধ্যমে গণহত্যা সংঘটিত করেছে। অথচ বিএনপি মিথ্যা তথ্য-উপাত্ত দিয়ে গুমের বানোয়াট ও মনগড়া পরিসংখ্যান উপস্থাপন করেছে। ’
ইউডি/এআই

