আওয়ামী লীগের সম্মেলনে প্রতিটি বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবক থাকবে: বাহাউদ্দিন নাছিম
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৪০
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে ২৪ ডিসেম্বর সারা দেশ থেকে আসা বয়োবৃদ্ধ কাউন্সিলরদের সহায়তা করতে প্রতিটি বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবক থাকবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, তারা একটা নির্দিষ্ট রংয়ের ড্রেস পরা অবস্থায় থাকবে। শুক্রবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্মেলনের স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভা শেষে তিনি এ কথা জানান তিনি।
আওয়ামী লীগের এবারের সম্মেলন সাদামাটাভাবে হবে উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক ও দেশের অর্থনৈতিক অবস্থা চিন্তা করে এবার আলোকসজ্জা করা হবে না। যেটুকু না করলেই নয়, শুধু সেটুকুই করা হবে। বিজয়ের মাসে এই সম্মেলন জাতির কাছে, দেশবাসীর কাছে ও আমাদের নেতাকর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সম্মেলনকে ঘিরে দেশব্যাপী অন্যরকম আনন্দ, উচ্ছ্বাস-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যারা অশান্তি সৃষ্টি, অবিচার, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, জীবন নিয়ে ছিনিমিনি কিংবা মানুষকে লাশ বানিয়ে ফায়দা লুটতে চাইবে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউর হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সদস্যরা।
ইউডি/সুপ্ত

