ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১৫
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৫০
ইরাকের সুলাইমানিয়া শহরের আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর প্রায় ১৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) এমন তথ্য জানিয়েছে দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ।
সুলাইমানিয়া প্রদেশের জরুরি সেবা বিভাগের প্রধান সামান নাদের বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সুলাইমানিয়া শহরে বিস্ফোরণ ঘটেছে। এতে প্রাথমিকভাবে ১১ জন নিহত ও আরও ১৩ জন আহত হওয়ার তথ্য পাওয়া যায় বলে জানান তিনি। তবে দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।
সামান নাদের বলেন, ভবনের একটি ট্যাংকে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকালে দেখেছেন, জরুরি সেবা বিভাগের কর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
বিস্ফোরণে ভবনের জানালা ভেঙে পড়েছে এবং পাশের কয়েকটি ভবন ও সড়কে থাকা পাঁচটি গাড়িও পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবুবাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেন।
যুদ্ধ-বিধ্বস্ত ইরাকের বেশিরভাগ ভবন জরাজীর্ণ আর সেগুলোতে এ ধরনের মর্মান্তিক ঘটনা সাধারণ। এছাড়া দেশটির নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল মানদণ্ডের হওয়ায় এ ধরনের দুর্ঘটনা— বিশেষ করে পরিবহন এবং নির্মাণ খাতে প্রায়ই দেখা যায়।
সূত্র: রয়টার্স
ইউডি/আতা

