আওয়ামী লীগের আগামী জাতীয় কাউন্সিল হবে জাকজমকপূর্ণ: শাজাহান খান
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ২০:০০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে মহাসমাবেশে পরিণত করার জন্য আওয়ামী লীগ সার্বিক প্রস্তুতি নিয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘আহাম্মাদিয়া কামিল মাদ্রাসা’র ৪ তলা নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, সম্মেলনের প্রস্তুতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠন করে দিয়েছেন। এ কমিটি সম্মেলনকে জাকজমকপূর্ণ করতে কাজ শুরু করেছে। এরই মধ্যে বেশকিছু জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। যেসব জেলা ও উপজেলায় সম্মেলন বাকি আছে, তা ১৪ ডিসেম্বরের আগে সমাপ্ত হবে।
২০২৩ সালের জানুয়ারি মাসে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন, জেলা ও উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের মধ্যে দিয়ে নির্বাচনী কার্যক্রমও শুরু করেছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারো বিজয় লাভ করবে। বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে উন্নয়নের যে জোঁয়ার বইছে, এমন-কি পদ্মা সেতু নির্মানে মানুষ যে সুযোগ-সুবিধা ভোগ করছে, মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করায়, তা দেখেই আওয়ামী লীগকে আবারো ভোট দিবে দেশের জনগণ।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, চেম্বর অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র মাদারীপুরের সভাপতি হাফিজুর রহমান খান, মাদ্রাসাটির দাতা সদস্য এসএম আরাফাত হাসান, বিদ্যুৎসাহী সদস্য খলিলুর রহমান দর্জিসহ অনেকেই।
ইউডি/আতা

