এই সরকারকে সরিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব : মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৩০
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আন্দোলন করব এই সরকারকে সরানোর। সরকারকে সরানোর পরে আমরা আন্দোলনকারী সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করব। তখন সবাইকে নিয়ে এ দেশকে আওয়ামী লীগ যে ডাস্টবিন বানিয়ে ফেলেছে, নর্দমা বানিয়ে ফেলেছে, এটাকে পরিষ্কার করব। সোমবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে এ সভার আয়োজন করে উত্তরবঙ্গ ও বাংলাদেশ ছাত্র ফোরাম।
মির্জা ফখরুল বলেন, মানুষ কিন্তু পিছিয়ে নেই। প্রত্যেকটা সমাবেশ আমার এই বৃদ্ধ বয়সে আমাকে অনুপ্রাণিত করেছে যে, এখন আরেকটা মুক্তিযুদ্ধ— সেই যুদ্ধের মধ্য দিয়ে এদের পরাজিত করতে হবে। আমাদের আরও শক্তি সঞ্চয় করে নিহত নয়ন, শাওন, রহিম ও আলমের রক্তের ঋণ পরিশোধ করার জন্য তৈরি হতে হবে।
তিনি আরও বলেন, আজ একটি খবরের কাগজে দেখলাম, বড়-বড় ব্যবসায়ীরা সমস্যা কথা বলেছেন। প্রত্যেক ব্যবসায়ী একটা কথা বলছেন, আমরা খুব খারাপ সময়ে মধ্যে আছি। ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এমন অবস্থা হয়েছে যে, শ্রমিকদের তাদের যে মজুরি দেব, সেই টাকা পর্যন্ত আমাদের কাছে থাকছে না। সবাই তো বলার চেষ্টা করে যে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে নাকি এটা হচ্ছে। হয়তবা কিছুটা আছে। কিন্তু শুরুটা করেছে সরকার অনেক আগে থেকে। দেশের সব সম্পদ লুট করছে। ১০ বছরের ৮৬ লাখ কোটি টাকা পাচার করেছে। গত এক বছরেই শুধু ৭৮ হাজার কোটি টাকা পাচার করেছে। যে দেশের অর্থনীতিতে সরকারের লোকেরা পুরো সম্পদ লুট করে পাচার করে নিয়ে যায়, সেই দেশের অর্থনীতি কি থাকতে পারে।

তিনি বলেন, ব্যবসায়ীরা বলছেন— এই সময়ে যদি আমরা প্রণোদনা পেতাম, এই সময়ে যদি কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা পেতাম তাহলে হয়ত আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম। কিন্তু ব্যাংকগুলো নিয়ে শুনেছেন, পত্রিকা লিখছে, এলসি খোলা যায় না। কারণ তাদের ডলার নেই, ডলার দিতে পারছে না।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। প্রশাসন ব্যবস্থা সংস্কার করতে হবে। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সত্যিকার অর্থে একটি আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আগে বলেছি, এখনও বলছি, সরে দাঁড়ান, নিরাপদে সরে দাঁড়ান। তা না হলে জনগণের মধ্যে যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে, সুনামির মতো তাদের ভাসিয়ে নিয়ে যাবে এবং এর নেতৃত্বে আছেন আমাদের তারেক রহমান তারুণ্যের প্রতীক।
সংগঠনের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী প্রমুখ।
ইউডি/সুপ্ত

