পানি ঘোলা করার চেষ্টা করছে বিএনপি: নানক
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:১৫
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি এখন দণ্ডিত খালেদা জিয়াকে মুক্তি এবং পলাতক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পানি ঘোলা করার চেষ্টা করছে। সোমবার (২১ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির পক্ষে মাঠ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, দায়িত্বশীল দল হিসেবে বিএনপির দেশের মানুষের প্রতি যদি কর্তব্যবোধ থাকত তাহলে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা তা করেনি। তিনি বলেন, আগামী মাস বিজয়ের মাস। বিজয়ের মাসকে সামনে রেখে বাঙালি জাতীয় ও বিজয় দিবস অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করবে। কিন্তু বিএনপির উদ্দেশ্যটা কী? তাদের উদ্দেশ্যটা হলো দেশে অরাজকতা সৃষ্টি করা। দেশের মানুষ কেমন আছে, কেমন থাকবে, কেমন রাখা দরকার সেই বিষয় তাদের মাথায় কোনো দিন ছিল না।

ডিসেম্বরে বিএনপির সমাবেশের বিষয়ে ইঙ্গিত করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, তারা (বিএনপি) ১০ লাখ লোক জমায়েত করবে এই কথাটি তারা চিৎকার করে বলেছে। তাদেরকে অবশ্যই দশ লাখ লোক জমায়েত হতে পারে এমন জায়গায় তো আগে যেতে হবে। তাছাড়া এই ঢাকাবাসীকে যদি অশান্ত করেন, বিশৃঙ্খলা করেন, অরাজকতা সৃষ্টি করেন তাহলে আমাদের তো সন্দেহ থেকেই যায় যে- ২০১৪ সালে এই বিএনপি-জামায়াত এদেশে অরাজকতা সৃষ্টি করেছে। বাস পুড়িয়েছে। মানুষ পুড়িয়ে মেরে ফেলেছে। রেললাইন উপড়ে ফেলেছে, রেলস্টেশন জ্বালিয়ে দিয়েছে। কাজেই সাপকে বিশ্বাস করা যায়। কিন্তু বিএনপি জামাতকে বিশ্বাস করা যায় না। বিষধর সাপকে নিয়ে আমরা অত্যন্ত সতর্ক। দেশবাসীও সতর্ক।
এ সময় দলের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগে যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনসহ দলের জাতীয় সম্মেলনের মঞ্চ-সাজসজ্জা এবং স্বেচ্ছাসেবক ও খাদ্য উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউডি/সুপ্ত

