বিএনপি আমলে দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল: আব্দুর রাজ্জাক

বিএনপি আমলে দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল: আব্দুর রাজ্জাক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:১৪

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘২০০১ সালে যুদ্ধাপরাধী নিজামি-মুজাহিদদের নিয়ে বিএনপি-জামায়াত এই দেশে সরকার গঠন করেছিল। সহিংসতা করে, সন্ত্রাস করে জঙ্গিদের নিয়ে এক চরম আতঙ্ক তৈরি করেছিল তারা। অর্থনীতি ভেঙে পড়েছিল। সেগুলোকে আমরা মোকাবিলা করে দেশকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছি। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। বিএনপির সব ষড়যন্ত্র আমরা মোকাবিলা করবো।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে যশোর শহরের শামস্-উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘২০০৮ সালে জনগণের বিপুল সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকার গঠন করেছিলাম। আমরা সেদিন জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংপূর্ণ করবো। বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ দেব, সব গ্রামকে পাকা রাস্তা দিয়ে সংযুক্ত করবো। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করবো। আমরা যেসব প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রায় সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। সারাবিশ্বে বাংলাদেশের সাফল্য প্রশংসিত, নন্দিত, এটি দৃশ্যমান।’

তিনি আরও বলেন, ‘আজ পদ্মা সেতু দিয়ে মাত্র আড়াই ঘণ্টায় ঢাকা থেকে যশোরে আসলাম। বাস্তবতা, এটি স্বপ্নের চেয়েও বেশি। আমি গাড়ি চালিয়ে আড়াই ঘণ্টায় ঢাকা থেকে যশোরে আসতে পারি, এটি আমার বিশ্বাস হচ্ছিল না।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading