বিএনপি বিশ্বাসঘাতকের দল: ওবায়দুল কাদের
‘এরা কারা? বাংলাদেশ নালিশ পার্টি, যেটা বিএনপির আরেক নাম। পলাশীর সেনাপতি ইয়ার লতিফ, আর পঁচাত্তরের বাংলাদেশে ১৫ আগস্টে বাংলাদেশের সেনাপতি জিয়া।’
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যশোর ও খুলনার মানুষ প্রস্তুত হন, বিএনপির সঙ্গে ডিসেম্বরে খেলা হবে। খেলা হবে তাদের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে।’
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে যশোর শহরের শামস-উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল এখন বড় বড় কথা বলছেন। ‘‘গণতন্ত্র হত্যাকারী’’। উনাদের মুখে গণতন্ত্রের বুলি শোভা যায় না। তিনি কোন মুখে গণতন্ত্রের কথা বলেন? বিএনপি কোন মুখে গণতন্ত্রের কথা বলে? আইনের শাসনের কথা বলে? বিএনপি কোন মুখে নির্যাতনের কথা বলে?’
তিনি বলেন, ‘বিএনপি বেইমানের দল, বিশ্বাসঘাতকের দল। এরা ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। খুনি জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। খুনিদের দায়মুক্তির জন্য আইন করেছে, এরা খুনি, এরা ঘাতক। এরা ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এরা ২১ আগস্ট আমাদের নেত্রী শেখ হাসিনাকে টার্গেট করে গ্রেনেড হামলা চালিয়েছিল।
‘এরা কারা? বাংলাদেশ নালিশ পার্টি, যেটা বিএনপির আরেক নাম। পলাশীর সেনাপতি ইয়ার লতিফ, আর পঁচাত্তরের বাংলাদেশে ১৫ আগস্টে বাংলাদেশের সেনাপতি জিয়া। বিশ্বাসঘাতকের অপর নাম জিয়াউর রহমান। সে যদি এই হত্যাকাণ্ডের পেছনে না থাকতো, কারও সাহস ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করে’, বলেন কাদের।
ইউডি/এআই

