স্বাচিপ: নতুন সভাপতি জামালউদ্দিন, মহাসচিব কামরুল
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৩০
আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন কমিটি গঠন করা হয়েছে। ডা. জামালউদ্দিন চৌধুরীকে সভাপতি এবং ডা. কামরুল হাসান মিলনকে মহাসচিব করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাচিপের পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন নেতৃত্বে আসা দুজনই পড়াশোনা করেছেন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে)। এর মধ্যে সভাপতি অধ্যাপক জামালউদ্দিন চৌধুরী ঢামেকের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে মহাসচিব কামরুল হাসান মিলন একই বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। নাম ঘোষণার আগে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, স্বাচিপের নতুন কমিটি হবে সম্পূর্ণ নতুন। যাঁরাই দায়িত্বে এসেছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।
এর আগে সর্বশেষ ২০১৫ সালের নভেম্বরে চতুর্থ সম্মেলন হয়েছিল। সেই কমিটিতে সভাপতি হয়েছিলেন অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। আর মহাসচিবের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক ডা. মো. আবদুল আজিজ (ডা. এম এ আজিজ)।
১৯৯৪ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাচিপ। বর্তমানে সারা দেশে সংগঠনটির সদস্যসংখ্যা ২০ হাজারের মতো। গত বছর এই সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু অতিমারি করোনার কারণে তা পিছিয়ে যায় বলে জানান স্বাচিপের নেতারা
ইউডি/এজেএস

