দুই জঙ্গি ছিনতাই: আহত পুলিশ সদস্য আজাদ বরখাস্ত
‘নুরে আজাদের সঙ্গে চারজন পুলিশ সদস্য ঘটনার দিন দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি একা চার জঙ্গিকে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি তদন্তের বিষয় তাই কমিশনারের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:২৩
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ সদস্য নুরে আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘আসামি ছিনতাইয়ের ঘটনায় নুরে আজাদসহ সাত পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নুরে আজাদের সঙ্গে চারজন পুলিশ সদস্য ঘটনার দিন দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি একা চারজন জঙ্গিকে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি তদন্তের বিষয় তাই কমিশনারের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয় নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।’
এর আগে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন— সিএমএম আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনচার্জ (এসআই) নাহিদুর রহমান ভুইয়া, আসামিদের আদালতে নেওয়ার দায়িত্বরত পুলিশের এটিএসআই মহিউদ্দিন, কনস্টেবল শরিফ হাসান, জয়নাল ও আব্দুস সাত্তার।
এর আগে গত ২০ নভেম্বর দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে ২০ জনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ৭-৮ জনকে।
ইউডি/এআই

