‘প্রকৃত স্বাধীনতা’ না পাওয়া পর্যন্ত অভিযান চলবে: ইমরান খান
২৮ অক্টোবর ফেডারেল রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করেন ইমরান খান। এরপর তার পায়ে গুলি লাগে। তখন এ সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী আহত হওয়ার পর ৩ নভেম্বর তারিখে আকস্মিকভাবে লং মার্চ বন্ধ হয়ে যায়।
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:০৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রকৃত স্বাধীনতা না পাওয়া পর্যন্ত তার দলের অভিযান চলবে।
রোববার ‘লং মার্চ’ নিয়ে ইসলামাবাদের দিকে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি এমন তথ্য জানান। এ সময় পিটিআই দলের ‘আজাদি মার্চ’-এ যোগ দেওয়ার জন্য তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান ওয়াজিরাবাদে একটি হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়ার পরে প্রথমবারের মতো রাওয়ালপিন্ডি জনসমাবেশে যোগ দিয়েছিলেন। এর আগে পাকিস্তানের বর্তমান জোট সরকারকে আগাম নির্বাচনের জন্য বাধ্য করার প্রয়াসে পিটিআই ২৮ অক্টোবর ফেডারেল রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করে। এরপর ইমরানকে হত্যাচেষ্টার সময় তার পায়ে গুলি লাগে। তখন এ সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী আহত হওয়ার পর ৩ নভেম্বর তারিখে আকস্মিকভাবে লং মার্চ বন্ধ হয়ে যায়।
এরপর ওই একই পয়েন্ট থেকে আবার লং মার্চ চালু করা হয়েছিল পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশির নেতৃত্বে। এরপর ইমরান ঘোষণা করেছিলেন যে তিনি রাওয়ালপিন্ডি থেকে এ পদযাত্রায় যোগ দেবেন।
এ বিষয়ে টুইটারে পিটিআই প্রধান বলেছেন, ‘গতকাল আমাদের রাওয়ালপিন্ডি আজাদি মার্চে সারা পাকিস্তান থেকে বিপুল সংখ্যক লোক এসেছেন। যারা এ সমাবেশে এসেছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’
এ সময় তিনি বলেন, ‘প্রকৃত স্বাধীনতা ও আইনের শাসন অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।’
এক দিন আগে সাবেক এ পাকিস্তানি প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, তার দল সিদ্ধান্ত নিয়েছে যে তারা ‘এই শাসন ব্যবস্থার’ অংশ হবে না এবং তাদের এমপিরা সমস্ত প্রাদেশিক আইনসভা থেকে পদত্যাগ করবেন।
সূত্র : জিও নিউজ।
ইউডি/এআই

