পোশাক না পরলেও নারীদের ভালো লাগে: যোগগুরু রামদেব
‘আপনাদের শাড়িতে ভালো লাগে, আপনাদের সালোয়ারে ভালো লাগে যেমন অমরুতা জির মতো। আবার আমার মতো যখন আপনারা কিছু পরেন না তখনও ভালো লাগে।’
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:২০
বিতর্কিত মন্তব্য করা অভ্যাসে পরিণত করেছেন ভারতের যোগগুরু রামদেবের। কিছুদিন আগে তিনি দাবি করেছিলেন, ‘সালমান খান নিয়মিত মাদক নেন’। এবার আরও বড় বোমা। এক সভায় নারীদের পোশাক নিয়ে বলতে গিয়ে মন্তব্য করলেন, ‘কিছু না পরলেও সুন্দর দেখায় মেয়েদের।’
যোগগুরুর এমন কথায় চমকে যান সভায় উপস্থিত নারীরা। রামদেবের এমন মন্তব্য তাদের পছন্দ হয়নি বলে জানা গিয়েছে। রামদেবের বিতর্কিত বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে অস্বস্তিতে পড়েছেন পতঞ্জলি প্রধান গেরুয়াধারী এই যোগগুরু।
মহারাষ্ট্রের উপ-মুখ্য়মন্ত্রীর স্ত্রীর সামনে রামদেবের এই উক্তি অশোভন ও নিন্দাজনক। সমস্ত মহিলারাই এতে আঘাত পাবেন। রামদেবের এনিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।
স্বাতী মালিওয়াল
শুক্রবার মুম্বাইয়ে পতঞ্জলীর যোগপীঠের আয়োজনে শুধুমাত্র নারীদের জন্য বিনামূল্যের একটি যোগ প্রশিক্ষণ শিবিরে ছিলেন রামদেব। ‘মুম্বাই নারী পতঞ্জলী যোগ স্মৃতি’র অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের ছেলে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিণ্ডে, মহারাষ্ট্রের বর্তমান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী তথা গায়িকা অম্রুতা ফড়নবিশ-সহ বিজেপির বেশ কয়েক নেতা। সেখানেই রামদেব মুখ ফসকে এই বেকায়দা মন্তব্য করেন।
এদিকে টুইটারে ভিডিও শেয়ার করে দিল্লি কমিশন ফর ওমেনের চিফ স্বাতী মালিওয়াল রামদেবকে ক্ষমা চাইতে বলেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
তিনি লিখেছেন, ‘মহারাষ্ট্রের উপ-মুখ্য়মন্ত্রীর স্ত্রীর সামনে রামদেবের এই উক্তি অশোভন ও নিন্দাজনক। সমস্ত মহিলারাই এতে আঘাত পাবেন। রামদেবের এনিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।’
এদিকে রামদেবের মন্তব্য নিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, ‘মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর স্ত্রী আমরুতা ফরনবীশ এনিয়ে প্রতিবাদ করেননি।’
তিনি বলেন, ‘শিবাজি নিয়ে রাজ্যপাল যখন মন্তব্য করছেন তখন সরকার নীরব থাকছে। এখন বিজেপির প্রচারক রামদেব নারীদের অপমান করছেন তখনও চুপ। সরকার কি তার জিহ্বাকে দিল্লির কাছে বন্ধক রেখেছে?’
ওই ইভেন্টে উপস্থিত হয়ে যোগগুরু বলেন, ‘আপনাদের শাড়িতে ভালো লাগে, আপনাদের সালোয়ারে ভালো লাগে যেমন অমরুতা জির মতো। আবার আমার মতো যখন আপনারা কিছু পরেন না তখনও ভালো লাগে।’
ইউডি/এআই

