বাঁদরের মদের নেশা!
ওই দোকান থেকে কেউ মদ কিনে বেরোলেও তার হাত থেকে ছিনিয়ে নিচ্ছে বোতল। তার পরে মগডালের মাথায় চড়ে রসিয়ে খাচ্ছে মদ।
উত্তরদক্ষিণ । সোমবার , ২৮ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৫২
ইন্ডিয়ার উত্তরপ্রদেশ জুড়ে বাঁদরের দৌরাত্ম্য নতুন কিছু নয়। মাঝেমধ্যেই এ রাজ্যের নানা প্রান্ত থেকে খবর মেলে তাদের বাঁদরামির। তাই বলে মদের দোকানে রীতিমতো ভাঙচুর করে, মদ ছিনিয়ে নিয়ে গাছের উপরে চড়ে পা দুলিয়ে মদ খাচ্ছে, এমনটা আগে শোনেনি কেউ। এবার তেমনই ঘটল রাজ্যের রায়বরেলীর আঁচলগঞ্জে।
এমনিতেই উত্তরপ্রদেশে মদের দোকানের সংখ্যা বেশি। সেখানকার মানুষজনও অনেক বেশি সংখ্যায় পানাসক্ত। তাই বলে সেখানকার বাঁদরও যে তেমনটাই হয়ে উঠবে, তা কে ভেবেছিল! শুধু দোকান থেকে মদের বোতল তুলেই সে ক্ষান্ত হচ্ছে না, ওই দোকান থেকে কেউ মদ কিনে বেরোলেও তার হাত থেকে ছিনিয়ে নিচ্ছে বোতল। তার পরে মগডালের মাথায় চড়ে রসিয়ে খাচ্ছে মদ। এই পরিস্থিতিতে ওই দোকানে মদ কিনে রীতিমতো ভয়ে ভয়ে দোকান থেকে বেরোচ্ছেন ক্রেতারা।
একটি ভাইরাল ভিডিওয় দেখা গেছে, বাঁদরটির সুরাপ্রেমের তালিকায় বাদ নেই বিয়ারও। আর সেই বিয়ারের ক্যান খুলে খাওয়ার ভঙ্গি দেখলেই বোঝা যায়, এটাই তার প্রথম বিয়ার খাওয়া নয়!
ভিডিও দেখে নেটদুনিয়ায় হাসির রোল পড়ে গেছে। মাতাল বাঁদরটিকে কেউ বলছেন, ‘গরিবের কবীর সিংহ’, কেউ বা ডাকছেন ‘দেবদাস’ বলে।
তবে হাসাহাসির মাঝে কিন্তু বড় বিপদের মুখে পড়েছেন মদের দোকানের কর্মচারী। তার অভিযোগ, শুধু ক্রেতাদের থেকে মদের বোতল বা বিয়ারের ক্যান ছিনিয়ে নিয়েই সে ক্ষান্ত হয় না। মাঝেমধ্যে সোজা ঢুকে পড়ে কাউন্টারের ভিতরেও। বোতল তুলে নিয়ে উঠে যায় মগডালে।
এর ফলে দোকানের আর্থিক ক্ষতি তো হচ্ছেই, সেই সঙ্গে উপদ্রবের জ্বালায় অতিষ্ঠ হয়ে থাকছেন দিনভর। দোকানের মালিককে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি, তিনিই বা কী করবেন! আপাতত অপেক্ষা, মদের নেশা থেকে কবে মন ওঠে সেই ‘দেবদাস’ বাঁদরের!
ইউডি/এআই

