ঢাবিতে বিশেষ মাইগ্রেশনের আবেদন শেষ আজ

ঢাবিতে বিশেষ মাইগ্রেশনের আবেদন শেষ আজ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৫৩

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বিশেষ মাইগ্রেশনের আবেদন আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতেই শেষ হচ্ছে। নির্ধারিত ফি পরিশোধ করে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২৬ এপ্রিল নতুন বিষয় বরাদ্দের ফলাফল প্রকাশ করা হবে, একই দিনে অপেক্ষমান শিক্ষার্থীদের মধ্যেও বিষয় বরাদ্দ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের কিছু শূন্য আসন পূরণের লক্ষ্যে এই বিশেষ মাইগ্রেশন চালু করা হয়েছে। যেসব শিক্ষার্থীর অটো-মাইগ্রেশন চালু রয়েছে, তাদেরও বিশেষ মাইগ্রেশনে অংশ নিতে অনলাইনে আবেদন করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বর্তমান বিষয়েই অধ্যয়ন করতে আগ্রহী হিসেবে বিবেচনা করা হবে এবং তিনি বিশেষ মাইগ্রেশনের আওতায় আসবেন না। মাইগ্রেশনের মাধ্যমে নতুন বিষয় বরাদ্দ পেলে পূর্ববর্তী ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং সেই আসনে অন্য শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে।

এ ছাড়া, যারা ইতোমধ্যে প্রথম পছন্দের বিষয় পেয়েছেন বা মাইগ্রেশন অপশন বন্ধ করেছেন, তারা এই প্রক্রিয়ার জন্য বিবেচিত হবেন না। বিভিন্ন কোটায় ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও বিশেষ মাইগ্রেশনের আওতার বাইরে থাকবেন।

বিশেষ মাইগ্রেশনে আবেদনকারীদের মধ্যে মেধাক্রম ও বিষয় পছন্দের ভিত্তিতে শূন্য আসনে বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে অবশিষ্ট আসনে নতুন শিক্ষার্থীদেরও মেধাক্রম অনুযায়ী বিষয় বরাদ্দ করে ২৬ এপ্রিল ফলাফল প্রকাশ করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading