নয়াপল্টনেই হবে বিএনপির গণসমাবেশ : রিজভী
উত্তরদক্ষিণ । সোমবার , ২৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:১৯
আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বাধা বিপত্তি দিলেও কর্মসূচি থাকবে। আপনারা জানেন আমাদের সমাবেশকে ঘিরে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পরিবহন ধর্মঘট ডাকে। যেই বিএনপির সমাবেশ শেষ, তাদের ধর্মঘটও শেষ।’
রিজভী বলেন, ‘ঢাকার সমাবেশ নিয়ে এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গণমাধ্যমে জানতে পারছি, সরকার অন্য জায়গায় অনুমতি দিতে চায়। আমাদের সিদ্ধান্ত হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ হবে। এখানে অতীতেও আমরা অনেকগুলো বড় সমাবেশ করেছি।’
ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, ‘আমাদের দাবি মেনে নিলে তো সমাবেশ করা লাগবে না। তারা আমাদের দাবিগুলো মানলেই হলো। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। তবে যেখানেই বাধা আসবে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘জিয়া পরিবারের জন্মই হয়েছে দেশের মানুষের জন্য। দেশের সব মানুষের হাতে ক্ষমতা। নয়াপল্টনেই আমরা দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করব। কারণ সব দিক বিবেচনায় নয়াপল্টন অপেক্ষাকৃত নিরাপদ। সরকার বাধা দিলে বুঝতে হবে তাদের দূরভিসন্ধি রয়েছে। আজকে দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের পতনের কোনো বিকল্প নেই।’
গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত প্রচার উপকমিটির মীর সরফত আলী সপু বলেন, ‘আমরা ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে করতে চাই। এজন্য আমাদের সার্বিক প্রস্তুতি চলছে। আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা নয়াপল্টনে বিএনপিকে গণসমাবেশর অনুমতি দিবে। কোনো টালবাহানা করলে জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান সপু।’
ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে বিএনপির প্রচার উপকমিটির উদ্যোগে এই মতবিনিময় সভা হয়। এ সভায় আরও বক্তব্য রাখেন উপকমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপু, সদস্য সচিব প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।
এ সময় উপস্থিত ছিলেন প্রচার উপকমিটির নেতা মোজাম্মেল হক, ওমর ফারুক সাফিন, আকরামুল হাসান, ফেরদৌস আহমেদ খোকন, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মজিবুর রহমান প্রমুখ।
ইউডি/এআই

