গুঞ্জন: পিএসজি ছেড়ে কোথায় যাচ্ছেন মেসি?

গুঞ্জন: পিএসজি ছেড়ে কোথায় যাচ্ছেন মেসি?
ইতোমধ্যেই মিয়ামির প্রেসিডেন্ট পার লটন এবং অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম মেসির সঙ্গে যোগাযোগ করেছেন। ধারণা করা হচ্ছে, মূলত ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ফুটবলারের অনুরোধেই মিয়ামিতে যেতে পারেন মেসি।

উত্তরদক্ষিণ । সোমবার , ২৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:২৮

মেসিকে নিয়ে আলোচনার অন্ত নেই। মেক্সিকোর বিরুদ্ধে দারুণ এক গোলে খাদের কিনারায় থাকা দলকে টেনে তুলে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। এবার আলোচনায় তার ক্লাব পরিবর্তন ইস্যু। গুঞ্জন উঠেছে, চলতি মৌসুম শেষে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না এলএমটেন।

লিগ ওয়ানের ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি হয়েছে দুই বছরের। চলতি মৌসুম শেষেই এর মেয়াদ শেষ হবে। যদিও দুপক্ষ চাইলে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। জানা গেছে, সেটা চাচ্ছেন না আর্জেন্টাইন এ তারকা। প্রশ্ন উঠেছে, তাহলে কোথায় যাচ্ছেন মেসি?

ব্রিটেনের ‘দ্য টাইমস’ সূত্রের খবর, পরের বছর মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামিতে যোগ দেবেন আর্জেন্টাইন অধিনায়ক। ধারণা করা হচ্ছে, বিপুল অর্থে মেসিকে কিনে নেবে মিয়ামি। এমনকি আমেরিকার প্রধান ফুটবল লিগটির ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হতে চলেছেন মেসি।

ইতোমধ্যেই মিয়ামির প্রেসিডেন্ট পার লটন এবং অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম মেসির সঙ্গে যোগাযোগ করেছেন। ধারণা করা হচ্ছে, মূলত ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ফুটবলারের অনুরোধেই মিয়ামিতে যেতে পারেন মেসি।

এদিকে, মেসিকে এখনই ছাড়তে চায় না পিএসজি। মেসি নিজেও পরিষ্কার কোনো সিদ্ধান্ত নেননি। আপাতত আর্জেন্টাইন তারকার মাথায় বিশ্বকাপ ছাড়া অন্য কিছুই নেই। ২০২৩ সালের আগে দল বদলের বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না বলে জানা গেছে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading