‘তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে’, বিএনপিকে ওবায়দুল কাদের

‘তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে’, বিএনপিকে ওবায়দুল কাদের
‘পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এত দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে? কোনো মতলবে কি তারা এটা চায়?’

উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৩৮

বিএনপি সমাবেশকে ঘিরে আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে ব্রিফিংকালে বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এত দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে? কোনো মতলবে কি তারা এটা চায়?’

বিএনপি কেন তাদের সমাবেশকে ঘিরে ১০ ডিসেম্বর বেছে নিয়েছে আন্দোলনকে কেন্দ্র করে—এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কী জানে না বাংলাদেশের ইতিহাস? তিনি বলেন, ১৯৭১ সালে ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়নে প্রক্রিয়া শুরু হয়।’

১০ ডিসেম্বর সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেন এবং সাংবাদিক সৈয়দ নাজমুল হক—এই দুজনকে পাক হানাদার বাহিনী ও আলবদর বাহিনী উঠিয়ে নিয়ে যায় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই বুদ্ধিজীবী হত্যার মতো নৃশংসতম ঘটনা বাংলাদেশে সংগঠিত হয়।’

জ্ঞান, গরিমা যাদের ঘিরে সেই সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, চিকিৎসকদের ধরে নিয়ে গিয়ে হত্যা করার কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর সমাবেশের জন্য কেন বিএনপি বেছে নিল এটাই এখন প্রশ্ন?’

সোহরাওয়ার্দী উদ্যানে কেন বিএনপি যেতে চায় না, সোহরাওয়ার্দী উদ্যানে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে, সেই ১৯৭১ সালে ৭ মার্চ ভাষণ বিএনপির পছন্দ নাও হতে পারে—যদিও জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে সর্বকালের অন্যতম সেরা ভাষণ হিসেবে।

তিনি আরও বলেন, পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এত দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে? কোন মতলবে তারা এটা চায়? আওয়ামী লীগ ১০ ডিসেম্বর সতর্ক পাহারায় থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading