চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন
তিয়েনআনমেন স্কয়ারের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিকভাবে চীন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। জেমিন ক্ষমতায় এসে তা কাটিয়ে উঠার চেষ্টা করেন এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করারও চেষ্টা করেন। তার নেতৃত্বেই চীনের ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটে।
উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৩০
চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এই জানিয়েছে। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
বুধবার (৩০ নভেম্বর) সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ১৩ মিনিটে সাংহাইয়ে লিউকোমিয়াসহ একাধিক শারীরিক জটিলতায় জিয়াং জেমিন মারা যান। চীনের সামরিক বাহিনী, মন্ত্রিসভা ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জনগণকে জানানো হয়।
ওই চিঠিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলা হয়, কমরেড জিয়াং জেমিনের মৃত্যু আমাদের দল, আমাদের সামরিক বাহিনী এবং সব জাতিগোষ্ঠীর মানুষের জন্য অপূরণীয় ক্ষতি।
চিঠিতে আরও বলা হয়, আমাদের প্রিয় কমরেড জিয়াং জেমিন উচ্চ মর্যাদা সম্পন্ন নেতা, মার্সিস্ট, স্ট্যাটসম্যান, সামরিক কৌশলবিদ এবং কূটনীতিক ছিলেন এবং বহুল পরীক্ষিত কমিউনিস্ট যোদ্ধা ছিলেন।
১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারের গণতন্ত্রপন্থিদের ওপর চালানো নৃশংসতার পর জিয়াং জেমিন চীনের ক্ষমতায় আসেন। তিয়েনআনমেন স্কয়ারের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিকভাবে চীন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। জেমিন ক্ষমতায় এসে তা কাটিয়ে উঠার চেষ্টা করেন এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করারও চেষ্টা করেন। তার নেতৃত্বেই চীনের ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটে।
ইউডি/এআই

