৪ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন

৪ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৩৮

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। রেলপথ মন্ত্রণালয় বুধবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেণ্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইনের নির্মাণকাজ চলমান রয়েছে। কাজটি দ্রুত শেষ করতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।

ওই কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবার ট্রেন চলাচল শুরু হবে বলে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, তবে বিজ্ঞপ্তিতে কোনো সময় উল্লেখ করা হয়নি। রেল কর্মকর্তাদের ধারণা, অন্তত সাড়ে তিন মাস সময় এ কাজে লাগতে পারে।

কমলাপুর স্টেশন থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লাইন এবং পদ্মা সেতু প্রকল্পের রেললাইন পাশাপাশি গেছে গেণ্ডারিয়া পর্যন্ত। সেখান থেকে পদ্মা রেল সংযোগ প্রকল্পের লাইন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জের শ্রীনগর, মাওয়া, পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা জংশন দিয়ে যশোর পর্যন্ত যাবে। ১৬৯ কিলোমিটার দীর্ঘ এই ডুয়েলগেজ লাইন নির্মাণে ব্যয় হবে ৪০ হাজার কোটি টাকা।

এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লাইনও ডাবল লাইন ও ডুয়েলগেজে রূপান্তরের কাজ চলছে, সেজন্য সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। অর্থাৎ কমলাপুর থেকে গেণ্ডারিয়া পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ বিদ্যমান মিটারগেজ লাইনটি ডুয়েলগেজে উন্নীত হবে এবং পাশে আরেকটি নতুন ডুয়েলগেজ লাইন নির্মাণ করা হবে। এখনকার লাইনের আরেকপাশে আরেকটি ডুয়েলগেজ লাইন হবে পদ্মা রেল সংযোগ প্রকল্পের জন্য।

১২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন ২৬টি ট্রেন চলে। তাতে পাশাপাশি দুই নগরে যাতায়াত করেন ৩০ হাজারের মতো যাত্রী। ট্রেন বন্ধ থাকলে সেই চাপ পড়বে সড়কে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading