রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:২৭
বিএনপির গণসমাবেশের দুই দিন আগে থেকে রাজশাহীতে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোর থেকে কোনো পরিবহন রাজশাহী ছেড়ে যায়নি। কোনো গাড়ি ঢুকতেও দেখা যায়নি। বন্ধ রয়েছে বিআরটিসি বাসও।
গত ২৬ নভেম্বর নাটোরে বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহত এবং সারা দেশে আওয়ামী লীগের ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার রাজশাহীতে গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
ঢাকার বাইরে এটিই হবে বিএনপির সর্বশেষ গণসমাবেশ। নিদিষ্ট সময়ের আগে সমাবেশস্থলে কাউকে প্রবেশ বা অবস্থান করতে না দেওয়াসহ আট শর্তে পুলিশের কাছ থেকে রাজশাহীর মাদ্রাসা মাঠে গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।
পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তি এড়াতে বুধবার বিকেল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অনেক নেতাকর্মী আসতে শুরু করেন রাজশাহীতে। বৃহস্পতিবার সকাল থেকে বিকল্প উপায়ে আসছেন দলীয় নেতাকর্মীরা।
ইউডি/এআই

