গুজরাটে বিধানসভার প্রথম দফা ভোট শুরু
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:২৩৯
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার দুই দফায় গুজরাটে ভোট গ্রহণ হবে। খবর আনন্দবাজারের।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) প্রথম দফার ভোট গ্রহণ হচ্ছে। মোট ১৮২টি বিধানসভা আসনের মধ্যে এ দফায় ১৯ জেলার ৮৯ আসনে ভোট গ্রহণ হচ্ছে। এ দফায় ভাগ্য নির্ধারিত হবে ৭৮৮ প্রার্থীর।
গুজরাটের নির্বাচন অফিস জানিয়েছে, সকাল ৮টা থেকে ১৪ হাজার ৩৮২টি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৫টা পর্যন্ত। মোদি-শাহ’র রাজ্যের চার কোটি ৯১ হাজার ভোটারের মধ্যে প্রথম দফায় ভোটাধিকার প্রয়োগ করবেন দুই কোটি ৩৯ লাখ ভোটার। দ্বিতীয় দফায় আগামী সোমবার উত্তর ও মধ্য গুজরাটের ৯৩টি আসনে ভোট হবে। আর ভোট গণনা হবে ৮ ডিসেম্বর।
২০১৭ সালের বিধানসভা ভোটে এই ৮৯টি আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে জিতেছিল। কংগ্রেস ও তার সহযোগীরা জিতেছিল ৪০টিতে। পরে কয়েকজন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার ভোটের লড়াই ত্রিমুখী। কংগ্রেস ও বিজেপির পাশাপাশি রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)।

সম্প্রতি গুজরাটের কয়েকটি শহরে পৌরসভা ভোটে কংগ্রেসকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আপ। এবারের ভোটে কেজরিওয়াল ধারাবাহিকভাবে গুজরাটজুড়ে প্রচার করেছেন। তার দাবি, বিধানসভা ভোটেও বিজেপির মূল লড়াই হবে আপের সঙ্গে।
২০১৭ সালের বিধানসভা ভোটে গুজরাতে ৯৯টি আসনে জিতে টানা পঞ্চমবারের জন্য ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু ১৯৯০ সালের পর সেটাই ছিল বিজেপির সবচেয়ে কম আসনপ্রাপ্তি।
অন্যদিকে ২০১৭ সালের বিধানসভা ভোটে ৭৭টি আসনে জিতে রাজনৈতিক বিশ্লেষকদের অনেককেই চমকে দিয়েছিল কংগ্রেস। নির্দল এবং অন্যরা পেয়েছিল ছয়টি আসন। এবার ষষ্ঠবারের জন্য ক্ষমতায় ফেরার বিষয়ে আশাবাদী বিজেপি।
ইউডি/এআই

