মামলা দিয়েও শেষ রক্ষা হবে না : রিজভী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:১৭
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার নিজেদের মসনদ রক্ষা করতে সারা দেশে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিতে শুরু করেছে। হত্যা, গুম, নির্যাতন করেও যখন গণতন্ত্রকামী নেতাকর্মীকে রুখে দেওয়া সম্ভব হয়নি, তখন সারা দেশে এ ধরনের মিথ্যা মামলা দিতে শুরু করেছে তারা। কিন্তু এসব করেও সরকারের শেষ রক্ষা হবে না।’
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন রিজভী। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়ন ছাত্রদলের নেতা নাহিদ হোসেন শাওনের কৃত্রিম পা সংযোজন শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ডান পা হারিয়েছিলেন ছাত্রদল নেতা শাওন। গত ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশের একটি ভিডিওচিত্রে শাওনের দুরবস্থা দেখে কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের তত্ত্বাবধানে শাওনের কৃত্রিম পা সংযোজন করা হয়।
ইউডি/এআই

