মৃত্যুশূন্য দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩৮০ জন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৫১
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৩৮ জনে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যাননি।
চলতি বছর ডেঙ্গুতে ২৫৪ জন মারা গেছেন, যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৭৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে এক হাজার ৭৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৭৬৩ জন। এ ছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৫৫ হাজার ৭৪০ জন রোগী।
ইউডি/এআই

