‘নির্বাচনে আসুন, বাড়াবাড়ি করলে খবর আছে’

‘নির্বাচনে আসুন, বাড়াবাড়ি করলে খবর আছে’
‘খেলা হবে। অপেক্ষা করুন নির্বাচনে খেলা হবে। ডিসেম্বরে খেলা হবে। বিএনপির আগুন আর লাঠির বিরুদ্ধে খেলা হবে। আগুন আর লাঠি নিয়ে এলে খেলা হবে।’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:০৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার পতনের হাঁকডাক দিয়ে লাভ নেই। অনুমতি চেয়েছেন, অনুমতি দেওয়া হয়েছে। আপনাদের সমাবেশে কেউ বাধা দিবে না। রাজশাহী ও ঢাকায় বলা হয়েছে, পরিবহন ধর্মঘট না দিতে।’

তিনি বলেন,‘ফখরুল গতকাল (বুধবার) বলেছেন, সরকারকে নিরাপদ প্রস্থান নিতে। আমি বলতে চাই নিরাপদ প্রস্থানের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। নির্বাচনেই প্রমাণ হবে, কারা বিজয়ী হবে আর কাদের পতন হবে। বিএনপিকে বলতে চাই, নির্বাচনে আসুন। এরপরেও বাড়াবাড়ি করলে খবর আছে।’

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। অপেক্ষা করুন নির্বাচনে খেলা হবে। ডিসেম্বরে খেলা হবে। বিএনপির আগুন আর লাঠির বিরুদ্ধে খেলা হবে। আগুন আর লাঠি নিয়ে এলে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে।’

তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু উনারা সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। ফখরুলের মুখে মধু আর অন্তরে বিষ। এরই নাম ফখরুল। ফখরুল সাহেব অনুমতি দেওয়া হয়েছে। আপনাদের মিটিংয়ে কেউ বাধা দেবে না। আমরা রাজশাহীতেও বলে দিয়েছি, সেখানে যেন পরিবহন ধর্মঘট না করে। ঢাকায়ও পরিবহন ধর্মঘট হবে না, নেত্রী বলে দিয়েছেন।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বেশি পাগলামি করলে পাগলা গারদে অথবা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading