দেশকে অস্থিতিশীল করাই বিএনপির উদ্দেশ্য: হাছান মাহমুদ

দেশকে অস্থিতিশীল করাই বিএনপির উদ্দেশ্য: হাছান মাহমুদ
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৫৪

জনসভা নয়, দেশকে অস্থিতিশীল করাই বিএনপির উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের নিয়ে নগরীর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকালও (শুক্রবার) বলেছেন- নয়াপল্টনের সামনেই তাদের জনসভা হবে। আসলে ওদের উদ্দেশ্য জনসভা করা নয়, দেশে একটা গণ্ডগোল লাগানো এবং দেশকে অস্থিতিশীল করা।

‘তাদের আবেদন অনুযায়ী তাদের সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়। সেখানে না গিয়ে নয়া পল্টনে জনসভা হবে এটি বারবার ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে দেশে একটি গণ্ডগোল লাগানো, বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যেই তারা এটি বলছে।’

সরকার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাউকে ‘অনুমতি ও লাইসেন্স’ দিতে পারে না বলেও বিএনপিকে হুঁশিয়ার করেন তিনি।

প্রধানমন্ত্রীর জনসভাস্থল পলোগ্রাউন্ড মাঠ ঘুরে জনসভার সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘চট্টগ্রামের পলোগ্রাউন্ড অনেক বড় মাঠ, এখানে জাতির পিতা বঙ্গবন্ধু জনসভা করেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও জনসভা করেছেন। কানায় কানায় পূর্ণ জনসভা হয়েছে। অতীতেও মাঠ ছাড়িয়ে মানুষ বাইরে দাঁড়িয়েছে। আমরা যেভাবে সাড়া দেখতে পাচ্ছি, এবার কিন্তু মাঠের তুলনায় আট-দশ গুণ বেশি মানুষ মাঠের বাইরে থাকতে হবে।

‘কয়েকদিন আগে এখানে বিএনপি জনসভা করেছিল। মাঠের তিন ভাগের একভাগ পেছনে রেখে তারা মঞ্চ বানিয়েছিল। আর সামনে যে মাঠ ছিল তার অর্ধেক পূর্ণ হয়েছিল।’

চট্টগ্রামে জনসভার আগে প্রধানমন্ত্রী অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

চট্টগ্রামের সংসদ সদস্য হাছান মাহমুদের পলোগ্রাউন্ড পরিদর্শনের সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহম্দ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলার সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিম পেয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading