একাত্তরের পরাজিত শক্তিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়নি: ডিএমপি কমিশনার
উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৫৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তিগুলো বাংলাদেশ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়নি। তারা মাঝে মাঝে জঙ্গিবাদের নামে অপরাধ সংঘটনের চেষ্টা করে। জনগণ ও পুলিশ বাহিনীর তৎপরতার কারণে তারা অপরাধ ঘটতে পারে না।’
রোববার (৪ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টারে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ডিসেম্বর মাসে বিভিন্ন জাতীয় কর্মসূচি বিশেষ করে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে সব রকমের নিরাপত্তার দায়িত্ব আমরা সবাই মিলে যথাযথভাবে পালন করবো।’
সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন।
ইউডি/এআই

