চার দিনে ডিএমপিতে গ্রেপ্তার ৪৭২
উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৫৮
পুলিশ সদর দপ্তরের নির্দেশে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এ অভিযানে চার দিনে রাজধানী ঢাকা থেকে ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন রোববার (৪ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে রোববার বিকেল ৪টা পর্যন্ত ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকে পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়াও মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীও রয়েছেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউডি/এআই

