‘খুনির দল’ যেন আর ক্ষমতায় না আসে: প্রধানমন্ত্রী
‘আমরা আপনাদের দোয়া, সহযোগিতা ও ভোট চাই- এই বাংলার মাটিতে আবার যেন ওই যুদ্ধাপরাধী, খুনির দল ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:১৮
বিএনপি-জামায়াতকে ‘খুনির দল’ আখ্যায়িত করে তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে, সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে আমরা দেব না। কারণ ওই জামায়াত-বিএনপি খুনির দল, যুদ্ধাপরাধীর দল, জাতির পিতার হত্যাকারীদের মদদদানকারীর দল। এমনকি আমাকেও তো বারবার হত্যার চেষ্টা করেছে। কাজেই এরা যেন বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেতে না পারে, আর যেন তারা এদেশে আসতে না পারে।’
রোববার (৪ ডিসেম্বর) বিকেলে বন্দরনগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। নির্বাচনের এক বছর বাকি থাকলেও পলোগ্রাউন্ডের এ জনসভা কার্যত নির্বাচনী জনসভায় পরিণত হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশির ভাগ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে শেখ হাসিনা কেন দেশে ফিরেছিলেন, সেই ব্যাখ্যা করেন জনসভায়।
বলেন, ‘আজকে বাবা, মা, ভাই– সব হারিয়ে ফিরে এসেছি বাংলার মানুষের জন্য। কেন? এই দেশের মানুষ দুবেলা পেট ভরে ভাত খাবে, তাদের বাসস্থান হবে, চিকিৎসা হবে, শিক্ষা হবে, উন্নত জীবন পাবে, সেজন্য।
‘বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারী দেশ; সেই বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব- আমরা যেন সেইভাবে বাংলাদেশকে গড়তে পারি।’

দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী
বর্তমান সরকারের আমলেই যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, সে কথা মনে করিয়ে দেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমরা আপনাদের দোয়া, সহযোগিতা ও ভোট চাই- এই বাংলার মাটিতে আবার যেন ওই যুদ্ধাপরাধী, খুনির দল ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি বলেন, ‘যাওয়ার আগে আমি আপনার কাছে একটি প্রতিশ্রুতি চাই যে আপনি অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেবেন এবং আমাদের সেবা করার সুযোগ দেবেন। হাত তুলে বলুন, আপনি নৌকায় ভোট দেবেন,’ তিনি বলেন।
চট্টগ্রাম মহানগর, আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণ জেলা ইউনিট আয়োজিত মহাসমাবেশে শেখ হাসিনা চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সেগুলোকে তার সরকারের উপহার হিসেবে বর্ণনা করেন।

প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শেখ হাসিনা বলেন, ‘এসব উন্নয়ন প্রকল্প আমার কাছ থেকে পাওয়া উপহার।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগই একমাত্র সরকার যারা বন্দরনগরীর ব্যাপক উন্নয়ন করেছে।’
ইউডি/এআই

