প্রধানমন্ত্রীর জনসভা: বিরিয়ানি খাওয়ালেন বিএনপির সাবেক মেয়র

প্রধানমন্ত্রীর জনসভা: বিরিয়ানি খাওয়ালেন বিএনপির সাবেক মেয়র

উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৩৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে ১০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলম।

নগরির উত্তর কাট্টলীর সিটি গেট এলাকায় মোস্তফা হাকিম স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ খাবারের আয়োজন করা হয়। শনিবার (৩ ডিসেম্বর) রাত থেকে সেখানে রান্নার ব্যবস্থা করা হয়। রোববার (৪ ডিসেম্বর) সকালে আসা আগতদের তা বিতরণ করা হয়। ওই প্যাকেট ভর্তি খাবার নিয়ে জনসভায় যোগ দেন নেতাকর্মীরা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম বলেন, ‘১০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবার জন্য চিকেন বিরিয়ানি করা হয়েছে। এ ছাড়া ফল ও পানি দেওয়া হয় সবাইকে। এরপর আমার ছেলে সাইফুল আলম মিছিল নিয়ে যাবে। তার সঙ্গে স্থানীয় নেতা-কর্মীরা জনসভায় উপস্থিত হবে।’

জানা গেছে, মনজুর আলম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই জড়িত ছিলেন। চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা প্রয়াত মহিউদ্দিন চৌধুরী ছিলেন তার ‘রাজনৈতিক গুরু’। তিনি আওয়ামী লীগের সমর্থনে উত্তর কাট্টলী ওয়ার্ডে তিনবার কাউন্সিলর ছিলেন।

এরপর এম মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ‘গুরু’ মহিউদ্দিন চৌধুরীকে হারান মনজুর। মেয়র নির্বাচিত হওয়ার পর মনজুর আলম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান।

২০১৫ সালের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আবার বিএনপির সমর্থনে প্রার্থী হন। একপর্যায়ে নির্বাচনের দিন সকালে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মনজুর আলম।

সিটি নির্বাচন বর্জনের পর মনজুর আলমকে রাজনীতিতে সক্রিয় হতে উৎসাহ জুগিয়েছেন প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ২০১৮ সালের ডিসেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর-খুলশী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন ফরমও তুলেছিলেন। তবে মনোনয়ন পাননি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading