এ বছর প্রধানমন্ত্রীর জাপান সফর সম্ভব হবে না: রাষ্ট্রদূত

এ বছর প্রধানমন্ত্রীর জাপান সফর সম্ভব হবে না: রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:৩৪

চলতি বছর শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর সম্ভব হবে না। তবে যত দ্রুত সম্ভব এ সফর আয়োজনে দু-দেশ কাজ করে যাচ্ছে বলে মনে করেন জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি।

সোমবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন ইতো নাওকি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য জাপান সফর নিয়ে জানতে চাইলে ইতো নাওকি বলেন, ‘যত দ্রুত সম্ভব এ সফর আয়োজনে দুই দেশ কাজ করছে। কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ সফর। আগে কিংবা পরে এ সফর আয়োজন করা হবে বলে আমি প্রত্যাশা করছি।’

কেন এ সফর স্থগিত করা হয়েছে- এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা দ্রুত সম্ভব সফরের আয়োজনে কাজ করে যাচ্ছি। এ বছর শেষ হওয়ার আগে এ সফর সম্ভব হবে বলে আমি মনে করি না।’

বৈঠক শেষে সাংবাদিকদের এ কূটনীতিক বলেন, ‘আগামী সপ্তাহে বাংলাদেশে আমার দায়িত্ব শেষ হতে যাচ্ছে। এখানে আমি তিন বছর দুই মাস দায়িত্ব পালন করেছি। আজ তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বিদায়ী সাক্ষাতে এসেছি। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’

জাপান-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সমর্থনের জন্য তথ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার কথাও জানান তিনি।

ইতো নাওকি বলেন, ‘তাকে আমি ধন্যবাদ জানিয়েছি। চলতি বছর জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চাশ বছরে পা দিয়েছে। বছরটি উদযাপনে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের অক্টোবরে জাপান সফর করেছিলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরে সেই সফর নিয়েই আলোকচিত্র প্রদর্শনী। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ প্রদর্শনীর উদ্বোধন করবেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading