সৌদি সফরে যাচ্ছেন শি জিনপিং
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:০২
জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের মিত্রতার সম্পর্কে যেন ভাটা পড়েছে। এছাড়া ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর তেলসহ নানা ইস্যুতে রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যে আগে থেকে বিদ্যমান দূরত্বও রূপ নিয়েছে উত্তেজনায়।
আর আমেরিকার সঙ্গে চীনের উত্তেজনা তো আছেই। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে বেইজিং-রিয়াদের উত্তেজনার মধ্যেই সৌদি আরব সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি সপ্তাহেই এই সফর অনুষ্ঠিত হতে পারে। স্থানীয় সময় শনিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা ও দুই দেশের (সৌদি আরব ও চীন) মধ্যকার উত্তেজনার মধ্যে সৌদি আরবে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এমনকি আগামী বৃহস্পতিবার তিনি মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পৌঁছতে চলেছেন বলেও জানিয়েছে প্রভাবশালী এই সংবাদমাধ্যমটি।
বেশ কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের সময় সেখানে চীন-আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে ১৪টি আরব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া দুই দিনের ওই সফরে চীন-জিসিসি সম্মেলন হওয়ার কথাও রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় মিত্র দেশ সৌদি আরবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের গুজব বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত সৌদি আরব এবং চীন সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়নি।
সিএনএন বলছে, গত সপ্তাহে সৌদি সরকার সঠিক তারিখ নিশ্চিত না করেই শীর্ষ সম্মেলন কভার করার জন্য সাংবাদিকদের নিবন্ধন ফর্ম পাঠিয়েছে। এছাড়া শি জিনপিংয়ের সফর এবং নির্ধারিত শীর্ষ সম্মেলন সম্পর্কে তথ্যের জন্য সিএনএন যোগাযোগ করলেও কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি সরকার।
ইউডি/এ

