মিরাকল মেহেদী মিরাজ: অপ্রতিরোধ্য বাংলাদেশ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৪৫
সফরকারী ইন্ডিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও নায়ক সেই মেহেদী হাসান মিরাজ। টাইগারদের জয় নিয়ে বিস্তারিত লিখেছেন আসাদুজ্জামান সুপ্ত
শ্বাসরুদ্ধকর ম্যাচে নতুন ইতিহাস: ইন্ডিয়ার বিপক্ষে টানা দুই ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স দেখলে বহু নতুনত্বের দেখা মিলবে। ফিনিশিংয়ে গিয়ে বারংবার ম্যাচ হারা টাইগাররা এবার আর ভুল করেনি, শেষতক ম্যাচে নিজেদের উজাড় করে জয়ের হাসিই হেসেছে। এে যন এক নুতন বাংলাদেশ। সাত বছর আগে সবশেষ বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল ইন্ডিয়া। তখন প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার ২০২২ সালে এসে সেই শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই সেই পুরোনো স্মৃতি ফিরিয়ে আনল টাইগাররা। ব্যাটিংয়ে মেহেদী হাসান মিরাজের অনবদ্য শতক ও ডেথ ওভারে মুস্তাফিজের চেপে ধরা বোলিংয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে ৬৯ রানে ৬ উইকেট হারানো দলকে টেনে তুলেন মিরাজ ও মাহমুদউল্লাহ। তাদের ১৪৮ রানের দুর্দান্ত জুটিতে ৭ উইকেটে ২৭১ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। রিয়াদ ৭৭ রানে আউট হলেও মিরাজ খেলেন হার না মানা ১০০ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। জবাবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও সফরকারী ইন্ডিয়া ৯ উইকেটে ২৬৬ রানের বেশি তুলতে পারে নি। ফলে ৫ রানের এক রুদ্ধশ্বাস জয় পায় লিটন দাসের দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
রোহিতের আপ্রাণ চেষ্টা, তবুও হলো না: আঙুলের চোটের কারণে ওপেনিংয়ে না নামা ইন্ডিয়ান কাপ্তান রোহিত শর্মা ব্যাটিংয়ে নয় নম্বরে। ধারাবহিক উইকেট হারিয়ে তখন অনেকটাই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলো তার দল। টপ অর্ডারে শ্রেয়াস আইয়ার (৮২ রান) ও অক্ষর প্যাটল (৫৬ রান) একটু চেষ্টা করেছিলেন বটে। কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন রোহিত। ২৮ বলে ৫১ রানের হার না মানা ইনিংস খেললেও দলকে জয় উপহার দিতে পারেননি। তার টনের্ডো ইনিংসে ছিলো ৫টি ছক্কার মার, তার রানের ফোয়ারার মনে হচ্ছিল ম্যাচটি বের হয়ে যাচ্ছে, কিন্তু টাইগার ডেথ স্পেসালিস্ট মুস্তাফিজের টাইট বোলিংয়ে তা আর হয়ে ওঠে নি। বাংলাদেশের নাভিশ্বাস তুলেছেন শেষ দুই ওভারে। ওই দুই ওভারে ইন্ডিয়ার দরকার ছিল ৪০ রান। কিন্তু শেষ বল পর্যন্ত লড়াই করে ৫ রানে হারতে হয় সফরকারীদের।

যেন ‘মেহেদী রাঙা’ এক সিরিজ : মেহেদী হাসান মিরাজ, সম্ভবত গত তিন-চারদিনে বাংলাদেশের ক্রিকেটপাড়ায় সবচেয়ে আলোচিত নাম। আর এমনটা হবে না-ই বা কেন! ইন্ডিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে কী করেননি ডানহাতি এ অলরাউন্ডার। দলের বিপদের সময় ব্যাট হাতে খেলেছেন ম্যাচজয়ী সব ইনিংস। আবার বল হাতেও প্রয়োজনের সময় এনে দিয়েছেন উইকেট। আর ২৫ বছর বয়সী এ ক্রিকেটারের অলরাউন্ড পারফরম্যান্সে ইন্ডিয়াকে স্তব্ধ করে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। বুধবার ব্যাট হাতে ১০০ রানের অপরাজিত ইনিংস এবং বল হাতে গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। এর আগে প্রথম ওয়ানডেতেও হার না মানা ৩৮ রান করে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিলেন, ১০ উইকেটে মুস্তাফিজকে নিয়ে গড়েছিলেন রেকর্ড ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি। বুধবারও যেন সেখান থেকেই শুরু করেছিলেন এই অলরাউন্ডার। ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে টাইগাররা যখন ব্যাকফুটে চলে যায় তখনই তার উইলো থেকে আসে শতক। টাইগার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই কাপ্তান জাতীয় দলে এসেও নিজেকে মেলে ধরেছেন সেই শুরু থেকেই। খেলছেন ক্রিকেটের তিন ফরম্যাটেই যেখানে সাদা পোশাকে দলের অন্যতম ভরসা এই অফস্পিনিং অলরাউন্ডার।
ইউডি/এজেএস

