পল্টনে সংঘর্ষের ঘটনায় আরেক মামলা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৪৩
রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মতিঝিল থানায় আরও একটি মামলা করা হয়েছে। এই মামলায় ২৮ জনের নাম উল্লেখ ছাড়াও শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুটি মামলা হলো। এরমধ্যে পুলিশ বাদী হয়ে করা আগের মামলাটি পল্টন থানায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার (এসি) এনামুল হক মিঠু দ্বিতীয় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মতিঝিল থানায় ২৮ জনের নাম উল্লেখ করে এই মামলা করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করে। বিস্ফোরক আইন ও পুলিশের ওপর হামলায় দায়ের করা ওই মামলায় প্রায় দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, বুধবারের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ৪৭৩ জনকে এজাহারনামীয় আসামি ছাড়াও ১৫০০-২০০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে এ মামলা করা হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিভাগীয় সমাবেশ করতে চায় বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। যদিও বিএনপি সেখানে সমাবেশ করবে না বলে জানিয়েছে। তৃতীয় কোনো ভেন্যুর বিষয়ে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা চলছে। পুরান ঢাকার ধূপখোলা মাঠের কথাও আলোচনায় রয়েছে। এর মধ্যেই বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। পরে বিকেলের দিকে সেখানে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
ইউডি/এ

