বিএনপির ৭ এমপির সংসদ থেকে পদত্যাগের ঘোষণা

বিএনপির ৭ এমপির সংসদ থেকে পদত্যাগের ঘোষণা

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:০২

একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সাত সংসদ সদস্য (এমপি)। এরই মধ্যে ইমেইলে জাতীয় সংসদের স্পিকারকে পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে সমাবেশে দেওয়া বক্তব্যে জানিয়েছেন কয়েকজন এমপি।

শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন, ‘‘আজকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র ই-মেইলে পাঠিয়ে দিয়েছি। আজ থেকে শেখ হাসিনার ‘অবৈধ’ সংসদে আমরা নেই।’’

 বিএনপির গণসমাবেশে দলটির নেতা ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, ‘আমরা যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তারা সবাই পদত্যাগের ঘোষণা দিলাম।’

তিনি বলেন, ‘সাড়ে তিন বছর আমরা এই সংসদে ছিলাম। এই সংসদে জনগণের কথা আওয়ামী লীগ বলেনি। আওয়ামী লীগ এই সংসদকে বানিয়েছে সংসদ নেতার বন্দনার বাক্স। আমি একটি সিদ্ধান্তের ঘোষণা দিতে চাই।

‘আমরা সংসদে সাত জন আছি; গতকাল স্ট্যান্ডিং কমিটিতে তারেক রহমানের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তারা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিলাম’, বলেন তিনি।

এদিকে বিএনপির ঢাকা বিভাগীয় জনসমাবেশে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। 

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ৯ দফা দাবিতে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে বিএনপি। 

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading